Friday, July 15, 2022

কবিতা || প্রতীক মিত্র




রাগ

প্রতীক মিত্র

ওর ভীষণ রাগ হয়েছে।
ও মাথা তাই ঝুঁকিয়ে রেখেছে টেবিলে।
আগে দীর্ঘ স্যাঁতস্যাঁতে করিডোর ধরে হাঁটাহাঁটি করেছিল।
মুখ ধোয়ার কলটাকে এমনিই খুলে রেখেছিল 
অনেকক্ষণ।
তারপর নুইয়ে পড়া হাওয়ায় দুলতে থাকা বুনো ঘাসগুলোর দিকে তাকিয়ে 
পেন্ডিং কাজের তালিকায় টিক দিতে দিতে 
ও মাথা ঝুঁকিয়ে রেখেছে সেই থেকে টেবিলে।
ওর নাকি ভীষণ রাগ হয়েছে। 
চেনা আবেগগুলোকে এলেবেলে 
ধরে ঘুমের বদলে জেগে 
এবং জাগার সময়ে ঘুমিয়ে আছে।
চল্লিশ ছুঁই ছুঁই বলে
শুভাকাঙ্খীরা বলেছিল ওকে সংযত হতে।
তারপর থেকে
ও আরো ফুঁসেছিল রাগ আরো পুষেছিল
ভুলে যদি যায় রেগে যেতে তৎক্ষণাৎএ।



কোন্নগর
হুগলী
 পশ্চিমবঙ্গ





কবিতা || তীর্থঙ্কর সুমিত




ভালোবাসার দেবালোকে

তীর্থঙ্কর সুমিত 


স্তম্ভের ওপর আরো কতগুলো স্তম্ভ দাঁড়িয়ে আছে
দারুন অনিচ্ছায় একটা বটগাছ দুলছে
হাওয়ার সঙ্গে সঙ্গে 
নিঃসর্গ ও মানুষ অঙ্কনচিত্রে ক্রমশ বদলে যায়
অক্ষম শিলালিপি ক্লান্ত হয় পথে পথে
ধারাবাহিকতার পরিবর্তন সূচিত হয়
আঁকার সাদা পাতায়
দীর্ঘদিন পরে আরো কত নীরবতা ভেঙে
নিজেকে অটুট রেখেছি 'কবিতা' র কাছে
এইভাবে একদিন পৌঁছে দেবো অনিচ্ছার মানবজন্ম

ভালোবাসার দেবালোকে। 



মানকুন্ডু 
ব্রাহ্মণ পাড়া 
হুগলী


কবিতা || কার্তিক মণ্ডল




অগ্নিবীর

কার্ত্তিক মণ্ডল

আগে পিছে বিপদ আছে;কাঁটায় ভরা পথ
মৃত্যু মুখে ঝাঁপিয়ে পড়ার করছে মনোরথ
মাতৃভূমির মান রক্ষায়,জীবন দিতেও রাজি
আগুনে তাই ঝাঁপ দিতে ;মন ধরেছে বাজি।
ত্রিবর্ণ পতাকার পতপত রব হিমালয়ের চূড়ে
বক্র চোখে চাইবে যারা ত্রিশূলে দেবে ফুঁড়ে।
মাতৃভূমি সবার বড় জেনো,সবার বুকের বল
তার সাথে কেউ করে যদি বেইমানি বা ছল
এমন কোনো নাইরে শক্তি রুখে তাদের দিয়ে
মাটির নিচে চির নিদ্রায় থাকতে হবে শুয়ে।
মায়ের খ্যাতি রক্ষার্থে কাটাতেও পারে শির
এরাই মায়ের আসল ছেলে সৈন্য অগ্নিবীর।





গ্রাম- পশ্চিমবাড়
পোস্ট- ধনেশ্বরপুর
থানা-পিংলা
জেলা-পশ্চিম মেদিনীপুর



কবিতা || পিঙ্কু চন্দ




রাঙ্গা নদী

পিঙ্কু চন্দ

রাঙ্গা নদীর কূল ঘেঁষে
বিশাল পাথরে পা রেখে
একটা মিথুন নদীর জলে
নিজের প্রতিবিম্ব আঁকছে

আমি টুরিষ্ট লজে দাঁড়িয়ে
সামনে নদী পাহাড়ি যুবতি
ঢেউয়ে ঢেউয়ে সজাগ অরণ্য
দেখি জল আর পাথরের সঙ্গম

নির্জন বনভূমে স্বপ্ন খুঁজে
এক নিশিং যুবতির বুক
সারা রাত জেগে থাকে টং ঘর
রাঙ্গা নদীর উচ্ছল প্রেম।
       _____________


Vill- Narikhali.
P.O. - Lakshmi bazar.
District- Karimganj.
ASSAM



কবিতা || সায়নী আচার্য্য




পাহাড়ি রূপ

সায়নী আচার্য্য 

হৃদয় আমার মধুর ডাকে
ছুটে যায় বারে বারে।
পথ হারিয়ে আঁধার কুড়োয়
অজানা অভিসারে।
সবুজে ঘেরা চাদরের ন্যায়
বিস্তৃত তার রূপ।
গগনচুম্বী পাহাড় জেগেছে,
হয়েছে অপরূপ।
ঘন বনের মধ্যে আছে
অজানা এক শব্দ।
পাহাড়ি নদীর স্রোতের ধারায়
পাথর হয়েছে জব্দ।
নদীর স্রোতে ছিন্নভিন্ন
পাথরের বড়ো চাঁই।
চাইছে যেন নদীর কাছে 
একটুখানি ঠাঁই।

    



    ঠিকানা-ইলিয়াস রোড, আগর পাড়া
             কোলকাতা-৭০০০৫৮